ঢাকা: গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ৫৭ জনেরও বেশি বাংলাদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। অবৈধ বিদেশি শ্রমিক আটক অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।
গত ২১ জানুয়ারি থেকে চলা এই অভিযানে মোট ৫০৮ জনেরও বেশি বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার টুডে জানিয়েছে, দেশটির ইমিগ্রেশন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মোট ৪ হাজার ৬৪০ জন অবৈধ অভিবাসী ও ৪৮ জন নিয়োগকর্তাকে আটক করেছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক আলোয়াহ মামাত জানিয়েছেন, আটককৃতদের মধ্যে ১৮০০ জন ইন্দোনেশিয়ার, ৬৪২ জন মিয়ানমারের, ৫০২ জন ফিলিপাইনের, ২৮৮ জন নেপালের, ২৩৯ জন ভারতের, ২০৯ জন পাকিস্তানের এবং বাকি ৪৫২ জন অন্যান্য দেশের নাগরিক।
তিনি আরো জানান, এ পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৮ জনকে তাদের নিজেদের দেশে ফেরৎ পাঠানো হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস জানিয়েছেন, এ পর্যন্ত মোট ৪৫৭ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে।