সিসি নিউজ ।। বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর দুই নাম্বার গেইটে পুলিশ বক্সের সামনে। আটক মোহাম্মদ ইকবাল (৩২) পাহাড়তলীর পানিরকল বউবাজার এলাকার আব্দুর রহমানের পুত্র। এ সময় ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন ও রেকার আলমগীর হোসেন আহত হয়েছেন।
ঘটনার সত্য নিশ্চিত করে পাঁচলাইশ টিআই মঞ্জুর হোসেন জানান, আগ্রাবাদগামী একটি বাসে ওঠার জন্য সকালে দুই নাম্বার গেইটে অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম (২০) নামে এক যাত্রী। এ সময় ছিনতাইকারী মোহাম্মদ ইকবাল ওই যাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি আমার নজরে পড়লে ছিনতাইকারীকে আটক করি। এ সময় ছিনতাইকারী আমাকে ও রেকার আলমগীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা আঘাতপ্রাপ্ত হই।
পরে পাঁচলাইশ থানায় খবর দেওয়া হলে এসআই এনামুল ঘটনাস্থলে এসে চোরাইকৃত মোবাইলসহ ছিনতাইকারীকে গ্রেফতার করেন।