
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাজেটে আটকেপড়া পাকিস্তানি (অবাঙ্গালী) ২২টি ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দা করা হয়েছে। এতে ক্যাম্প উন্নয়ন কমিটির নেতারা পৌর মেয়রকে সংবর্ধনা দিয়েছেন। মঙ্গলবার সকলে পৌর মেয়রের কক্ষে ওই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি উর্দুভাষী নেতা মাজিদ ইকবাল, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, শাহজাদাসহ অনান্য উর্দুভাষী নেতৃবৃন্দ ও পৌরসভার ১৫ টি ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলরা।
পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, আমরা দেখেছি ক্যাম্পবাসী জরাজীর্ণ অবস্থায় খুব কষ্টে বসবাস করছে। তাঁদের মূল ধারায় ফিরিয়ে আনতে পৌরসভার এবারের বাজেটে তাদের জীবনমান উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়েছি। যেহেতু তাঁরা এদেশের নাগরিক তাই তাঁদের জীবনমান উন্নয়ন হওয়া দরকার।
ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল বলেন, ছোট এই শহরে ২২টি ক্যাম্প রয়েছে। স্বাধীনতার পর থেকে তারা সেখানেই অল্প যায়গা নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে। পৌরসভার ইতিহাসে এইবারের বাজেটে প্রথম ক্যাম্পবাসীর জন্য বরাদ্দ পাওয়া গেল। এ জন্য তিনি পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে পৌর মেয়র রাফিকা আকতার জাহান শহরের জরাজীর্ণভাবে থাকা ক্যাম্পবাসীর জন্য ১ কোটি টকা অর্থ বরাদ্দ দেন। ছিন্নমূল ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, উন্নত জীবন ধারা সম্পৃক্ত করার জন্য ওই অর্থ ব্যয় করা হবে।