জয়পুরহাট প্রতিনিধি।। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে বেলা ১১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইন সচল করায় ওই পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আক্কেলপুরের স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, একতা এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর চারটা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১২ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকা পড়ে।
তিনি বলেন, ওই ঘটনার পর থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন, বগুড়ার সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ও নীলফামারীর চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়ে।
তিনি আরও বলেন, বেলা ১১টার দিকে রেললাইন সচল হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।