
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২১ ই আগস্ট রবিবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। এদিন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ, দেয়াল পত্রিকা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু। এসময় উপস্থিত ছিলেন শিক্ষানগরী সৈয়দপুরের এডমিন আহসান হাবিব জনি, স্বেচ্ছাসেবক জহির রায়হান শিশির ও রাজু ইসলাম।
পরে আয়োজিত আলোচনা সভায় শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিহাবুজ্জামান চঞ্চল, সৈয়দপুর সার্বডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা, প্যারাগন কোচিং সেন্টারের পরিচালক মোতাহারুল ইসলাম, মোডারেটর মোবারক রাসেল প্রমুখ।
এসময় শিক্ষানগরী সৈয়দপুরের ক্যাম্পাস এম্বাসেডরদের প্রকাশনায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে দুইটি দেয়াল পত্রিকার প্রদর্শনী করা হয়। এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও লেখা প্রদান করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাতী ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহলা আঞ্জুমকে পুরষ্কার হিসেবে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরিশেষে শিক্ষানগরী সৈয়দপুরের স্বেচ্ছাসেবক প্যানেলের নতুন সদস্যদেরকে বরণ করে নেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষা ও জনসচেতনতার লক্ষে ২০১৫ সালের ২১ ই আগস্ট যাত্রা শুরু করা শিক্ষানগরী সৈয়দপুর এখন নীলফামারী জেলার সর্ববৃহৎ ফেসবুক গ্রুপ। বর্তমানে এর মেম্বার সংখ্যা প্রায় ৬০ হাজার। জন্মলগ্ন থেকেই অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সৈয়দপুরে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে সাময়িকী প্রকাশনা, দেয়াল পত্রিকা প্রদর্শন, উদীয়মান খেলোয়াড়দের সংবর্ধনা, করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান অন্যতম। এর বাইরেও শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে অনলাইন ও অফলাইনে সারাবছর গল্প লেখা, চিত্রাঙ্কন, বিতর্ক ইসলামিক গজল, মোবাইল ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।