সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ রোববার জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন। পরে সেটির সমর্থন করেন সরকার দলীয় আরেক সংসদ সদস্য কামরুল ইসলাম। স্পিকার পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করলেও পরে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রস্তাবটি কণ্ঠভোটে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে সেটি পাস হয়।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন শামসুল হক টুকু। নতুন ডেপুটি স্পিকারকে আজ রোববার সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে।