বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় একটি মন্দির ভাংচুর করে আরেকটি মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধোপাখালী গ্রামের কবিরাজ বাড়ির পারিবারিক দুটি মন্দিরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মন্দিরের মালিক ননী গোপাল সরকার জানান, বিগত ১৫ বছর ধরে তিনি তাঁর বাড়ির উঠানে একটি হরি মন্দির প্রতিষ্ঠা করে প্রতিদিন পূজা-অর্চনা করে আসছিলেন। বুধবার গভীর রাতে শব্দ পেয়ে ঘরের বাইরে এসে দেখেন মন্দিরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মন্দিরের হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন প্রতিমা ও আসবাবপত্র পুড়ে গেছে। পরে প্রতিবেশী তপন কুমার কবিরাজের একটি মনসা মন্দিরে প্রতিমা ভেঙ্গে পড়ে থাকতে দেখেন তাঁরা।
কচুয়া থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম জানান, একটি মনসা মন্দির ভাংচুর করা হয়েছে। পরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পাশের হরি মন্দিরটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
একটি মারামারি মামলার ঘটনায় বাদী পক্ষকে ফাঁসাতে আসামি পক্ষের লোকজন মন্দিরে ওই আগুন দিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নাশকতাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।