সিসি নিউজ ।। নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, পুলিশের কোন নির্দিষ্ট সোর্স নেই। কেহ যদি সোর্স পরিচয় দিয়ে ভয়ভীতি কিংবা অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায়, তাহলে পুলিশকে অবগত করবেন। আজ রোববার বিকেলে জেলার সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, সৈয়দপুর তথা নীলফামারীর মানুষ শান্তি প্রিয়। এ শহরের স্কুলগামী শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে সেজন্য পুলিশের কড়া নজরদারি থাকবে। মাদক ও জুয়াসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হলে পুলিশকে জানানোর আহবান জানান তিনি ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সাংসদ রাবেয়া আলীম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম হুসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসীন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ সানু, শিল্পপতি রাজকুমার পোদ্দার, ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল প্রমুখ।
সৈয়দপুর থানা পুলিশের উদ্যোগে জনতার সাথে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত এ আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন পেশার মানুষ।