সিসি নিউজ।। পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরো ১১জনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। সোমবার (২৬ সেপ্টম্বের) সকালে বোদায় দুই জনের, দেবীগঞ্জ উপজেলায় দুই জনের ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় পাঁচ জন, বীরগঞ্জে এক জন ও দিনাজপুর সদর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুরের খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ৫ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ওই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।