সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছর বয়সী তিন লাখ পাঁচ হাজার ৬৯৯ জন শিশুর দেহে করোনা প্রতিরোধক টিকা প্রয়োগ কার্যক্রম। মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। নীলফামারী পৌরসভা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভূষন চক্রবর্তী, জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল প্রমুখ। এসময় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, জেলার ছয় উপজেলায় তিন লাখ পাঁচ হাজার ৬৯৯ জন শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। এরমধ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দুই লাখ ৫৫ হাজার ৬৯৯ জন এবং বিদ্যালয় থেকে ঝড়ে পড়া,ভাসমান ও পথশিশু রয়েছে ৫০ হাজার। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রদান করা হচ্ছে এসব শিশুকে।
তিনি বলেন,‘মঙ্গলবার থেকে ১৩ দিন চলবে প্রথম ডোজের কার্যক্রম। জেলার মোট এক হাজার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৫৬ দিন পর শুরু হবে দ্বিতীয় ডোজ প্রদান। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা গেছে শিশু শিক্ষার্থীরা নির্ভয়ে উৎসাহের সাথে টিকা গ্রহণ করছে। এসময় জেলা শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ফারিন রহমান বলেন,‘ আমাদের টিকার আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’ একই শ্রেণীর শিক্ষার্থী বিজয়া চক্রবর্তী বাণী বলেন, ‘গতকাল হেড ম্যাডাম আমাদের জানিয়ে দিয়েছিলেন যে আজ সকাল থেকে আমাদের করোনার টিকা দেয়া হবে। তাই মায়ের সাথে সকালেই বিদ্যালয়ে এসেছি। টিকা নিয়েছি, কোন প্রকার ব্যাথা পায়নি, সুস্থ্য আছি।’