সিসি নিউজ ডেস্ক ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তিনটি ট্রেন। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়।
এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং আজমপুর স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়ে। এর প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে যাত্রা বিরতি দেয়। এর পেছনে প্রায় ১০০ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪নং মালবাহী কন্টেইনার ট্রেন এসে ধাক্কা দেয়।
এদিকে সিগন্যাল পেয়ে হোম সিগন্যাল থেকে এক নম্বর প্ল্যাটফর্মে মালবাহী কন্টেইনার ট্রেন প্রবেশের আগ মূহুর্তে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন হোম সিগন্যাল অতিক্রম করে। এসময় মালবাহী কন্টেইনার ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ না করলে বিজয় এক্সপ্রেস ও মালবাহী কন্টেইনার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হতো।
মালবাহী ট্রেনের সহকারী চালক আবু তালহা বলেন, সিগন্যাল পেয়ে তিনি স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় সামনে ট্রেন দেখে থামিয়ে ফেলেন।
কেবিন থেকে বলা হচ্ছে, কোনো ম্যামোর নির্দেশনা ছাড়া ট্রেন পেছাতে বললে তাতে তিনি সায় দেননি। কেবিন মাস্টারের ম্যামো পেলে ট্রেন পেছনে নেওয়া হবে।
স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম জানান, চালক সিগন্যাল অতিক্রম করেছে। আর চালক সেটা কেন করলেন তা তিনি নিজেও বুঝতে পারেননি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিফ হোসেন সিকদার জানান, সৃষ্ট সমস্যার সমাধান হওয়ায় বিকেল ৪টা ৩০ মিনিটে সবগুলো লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া ট্রেনগুলো তাদের নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।