জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায় ট্রাকের সাথে অটোভ্যানের ধাক্কায় হামিদুল (৪৫) ইসলাম নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। রবিবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুল কালাই উপজেলার দক্ষিন পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহত হামিদুল ও তার ছেলে ইট কেনার জন্য বাড়ি থেকে অটোভ্যানযোগে জয়পুরহাটের জামালপুর এলাকার একটি ইটভাটায় যাচ্ছিলেন। এসময় ভ্যানে বসে ছিলেন হামিদুল আর ছেলে ভ্যান চালাচ্ছিলেন। পথে সদর উপজেলার পাকার মাথা মোড়ে আক্কেলপুর থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে হামিদুল ভ্যান থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।