সিসি নিউজ ডেস্ক।। ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।
এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
গত ৬ নভেম্বর সারা দেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের বেশি।
পাস ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
বরাবরের মতো এবারো সব শিক্ষাবোর্ডে ছেলেদের থেকে পাস ও জিপিএ-৫ এগিয়ে রয়েছেন মেয়েরা। এবার ছাত্রের থেকে ২ দশমিক ৯৫ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে। আর ১৫ হাজার ১৬০টি বেশি জিপিএ-৫ পেয়েছে ছাত্রীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে এইচএসসির ফলের সারসংক্ষেপ প্রধানন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা।
সাধারণত প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এই পাবলিক পরীক্ষা ২০২২ সালের ৬ নভেম্বর শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২২ সালে ১ হাজার ৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন।