সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শহীদ জননী জাহানারা ইমামের ছেলে শহীদ শাফী ইমাম রুমির ৭২ তম জন্মতিথি কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। তিনবাংলা নামে বাংলাদেশ -ভারত-প্রবাসবাংলার সংস্কৃতিপ্রধান বিশ্বসংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে।
শুক্রবার সাড়ে ১২ টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জন্মতিথি কর্মসূচীর উদ্বোধন করেন নীলফামারী পৌর মেয়র ও মেয়র এসোসিয়েশন অব বাংলাদেশে (ম্যাব) এর সভাপতি দেওয়ান কামাল আহমেদ। জন্মতিথির মূল অনুষ্ঠান হবে কাল শনিবার বেলা দেড়টায় নীলফামারীর ডোমার নাট্যসমিতি মিলনায়তনে।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন তিনবাংলার গ্লোবাল সভাপতি কবি-কথক সালেম সুলেরী। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কবাসী বিশ্বখ্যাত সংগঠক নার্গিস আহমেদ, কানাডাপ্রবাসী বাংলা একাডেমির সম্ভাষিত লেখক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, বিরাঙ্গনাসমগ্র খ্যাত প্রাণস্পর্শী লেখিকা সুরমা জাহিদ, ভারতের মৈত্রীবাহিনী কন্যা কন্ঠশিল্পী সুপর্ণা বন্ধোপাধ্যায়, ভারত-বাংলার কবি সুলেখা সরকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, শহীদ রুমী যে নীলফামারীর সন্তান তা এ অঞ্চলের অনেকেই জানেননা। তাঁর জন্য আমাদের অনেক কিছুই করার আছে। শহীদ রুমীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ রুমীর নামে এ অঞ্চলে সড়কের নামকরণ করা হবে। এছাড়া তাঁর নামে শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।