সিসি নিউজ।। নীলফামারীতে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, দীপক চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মমিনুর রহমান, মো. সারোয়ার হোসেন, নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি ও বাসস প্রতিনিধি ভুবন রায় নিখিল, কুন্দপুকুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। কর্মশালায় জানানো হয়, প্যালিয়েটিভ কেয়ার মৌলিক স্বাস্থ্যসেবার অংশ। দুরারোগ্য রোগিকে অতিরিক্ত যন্ত্রণা থেকে মুক্ত করা এবং মর্যাদার সঙ্গে জীবনের বাকি দিনগুলো কাটানোর ব্যবস্থা করাই এ স্বাস্থ্য সেবার মূল লক্ষ্য। রোগ নির্ণয়ের পরপরই চিকিৎসার সাথে এ সেবা নিলে ভালো ফল পাওয়া সম্ভব। এতে রোগীর জীবনযাত্রা সুবিধাময় হয় এবং হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। কর্মশালায় প্যালিয়েটিভ কেয়ারের পাশপাশি জেনেটিক কেয়ার বিষয়ও তুলে ধরেন বক্তারা।