সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মেয়ে চাঁদনীর বিয়ে সম্পন্ন হয়েছে। গত বুধবার (২৬ এপ্রিল) তাঁর শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর মোহাম্মদ আলম একই শহরের মরহুম জয়নুল আবেদীন ও মোছা. হাসিনা দম্পতির ছেলে। আলম পেশায় সাভারের একটি কাগজ মিলের শ্রমিক।
গত বুধবার রাত সাড়ে ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে চাঁদনীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক লাখ ৫১ হাজার টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়। এতে বর পক্ষের লোকজন, আত্মীয় -স্বজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিতরা সকলেই কণে চাঁদনীকে আর্শীবাদ করেন।
চাঁদনীর বাবা কায়সার আলী বলেন, আমি একজন হতদরিদ্র। বড় মেয়েকে বিয়ে দিতে অনেক পরিশ্রম করে টাকা পয়সা জমা করেছিলাম। কিন্তু বাসায় সংঘটিত আগুনে ওই জমানো টাকা পয়সা পুড়ে যায়। এতে আমি অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়েছিলাম। কিন্ত বর পক্ষের সহানুভূতি ও বিভিন্ন জনের আর্থিক সহযোগিতা মেয়েকে পাত্রস্থ করতে পেয়ে আজ আমি অনেক খুশী। যারা আমার বিয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারী নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ায় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে কাওসার আলী ও মোছা. ইয়াসমিন দম্পতির বড় মেয়ে চাঁদনীর জন্য বিয়ের জমানো টাকা পুড়ে যায়। ওই মাসের শেষ সপ্তাহে মো. আলমের সাথে চাঁদনীর বিয়ের দিন ধার্য হওয়ার কথা ছিল। কিন্ত তার আগেই আগুনে টাকা পুড়ে যাওয়ায় বিয়ে অনিশ্চিত হয়ে পড়ে। সেই আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির অনার্স পড়ুয়া ছোট মেয়ে নওশীন আকতারের বই পুস্তক, পোষাক সহ লেখাপড়ার বিভিন্ন উপকরণ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁর লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে।
এ নিয়ে সিসি নিউজ সহ দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। আর প্রকাশিত প্রতিবেদন নজরে আসে সৈয়দপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের। তারা চাঁদনীর বিয়ে ও নওশিনের লেখাপড়ার জন্য পরিবারটির পাশে দাঁড়ায়।