সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চার শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ শুরু হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ / ২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির ওই বীজ বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ওই বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ধান বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। এতে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষণ।
অনুষ্ঠানে বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাসসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সৈয়দপুর পৌরসভা ও উপজেলা পাঁচটি ইউনিয়নের ৪ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীকে বিনামুল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হবে। উপজেলার ইউনিয়নওয়ারী উপকারভোগী কৃষকের মধ্যে রয়েছে, কামারপুকুরে ৭০ জন, কাশিরাম বেলপুকুরে ৮০ জন, বাঙ্গালীপুরে ৬৫ জন, বোতলাগাড়ীতে ৯০ জন, খাতামধুপুর ইউনিয়নে ৬৫ জন এবং সৈয়দপুর পৌরসভায় ৩০ জন।
রোপা আমন হাইব্রিড আবাদের জন্য প্রতিজন কৃষককে এক বিঘা জমির জন্য দুই কেজি করে হাইব্রিড ধান বীজ প্রদান করা হচ্ছে।