আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওয়ি রাষ্ট্রীয় টিভিতে এ ঘোষণা দিয়েছেন। দেশ বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তার আলোকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা ঘোষণার পথ প্রশস্ত হল সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল সিসি’র। গত জুলাইয়ে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর বেবলাওয়িকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়।
তখন থেকেই মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ওপর নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে ১ হাজারেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আটক হয়েছে।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সরাসরি এক ভাষণে বলেছেন, নিরাপত্তা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক বিশৃঙ্খলার সংকীর্ণ টানেল থেকে মিশরকে বের করে আনতে সবরকম চেষ্টা চালিয়েছে”।
মিশরে নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল বেবলাওয়ি সরকারকে। এর মধ্যে হঠাৎ মন্ত্রিসভার পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি বেবলাওয়ি।
তবে সরকারের পদত্যাগে সিসির প্রেসিডেন্ট পদে প্রার্থিতার দ্বার খুলে গেছে। তাকে এজন্য প্রথমে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। মিশরের এক কর্মকর্তা বলছেন, “প্রেসিডেন্ট পদে সিসি’র প্রার্থিতা ঘোষণার আগে প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবেই এটি (সরকারের পদত্যাগ ঘোষণা) করা হয়েছে”।