সিসি নিউজ।। নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য মেলা ও নাগরিক সেবায় ভোগান্তি কমাতে ছয়টি সরকারি সেবা প্রদানকারী দপ্তরের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) বুধবার দিনব্যাপী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই মেলা ও গণশুনানীর আয়োজন করে।
গণশুনানীতে অংশ নেওয়া ওই ছয়টি দপ্তর হলো ভোক্তা অধিকার, ভূমি, বিআরটিএ, পাসপোর্ট, শিক্ষা ও স্বাস্থ্য। এসব বিভাগের সেবা নিয়ে নানা প্রশ্ন তুলেন উপস্থিত শতাধিক ভুক্তভোগি। প্রশ্ন তুলে তাৎক্ষনিক সমাধানও পেয়েছেন অনেকে। তবে এসব বিভাগের মধ্যে অধিক প্রশ্ন উত্থাপিত হয় ভূমি, বিআরটিএ এবং পাসপের্ট বিভগের সেবা নিয়ে। শুনানিতে উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধান কিংবা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন গণশুনানীতে অংশ নেওয়া সংশিষ্ট দপ্তররের কর্তা ব্যক্তিরা।
সকাল ১১টার দিকে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মেহেদী হাসান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ-আল-মামুন, সনাক সভাপতি তাহমিনুল হক ববী, টিআইবি রংপুর অ লের সমন্বয়কারী জনাব কমল কৃষ্ণ সাহা প্রমুখ।
এর আগে সকালে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে মিলিত হয়। পরে সেখানে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আগত দর্শনার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন ও হাতে কলমে তথ্য চেয়ে আবেদন করার ফরম পূরণ করা শেখানো, তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৪৫টি স্টল সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে।