সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রিয়াঙ্কা আকতার (১৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতার স্বামী বিজয় হোসেনকে (১৯) আটক করেছে থানা পুলিশ। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে বিজয়ের পরিবার।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সৈয়দপুর পৌরসভা এলাকার মিস্ত্রি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা পুরাতন মুন্সিপাড়ার পাপ্পু হোসেনের মেয়ে।
নিহতদের স্বজনরা জানায়, ৬ মাস আগে পরিবারের অজান্তে মেয়েটিকে পালিয়ে বিয়ে করে বিজয়কে। আর এ কারনে বিয়ের পর থেকে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিলো। অভিযোগ মতে, বুধবার বিকেলে প্রিয়াঙ্কার সাথে বিজয়ের কথাকাটি হয়। এরই এক পর্যায়ে শ্বশুড় বাড়ির লোকজন মারধর করায় গুরুতর আহত হয় প্রিয়াঙ্কা। পরে স্থানীয়রা আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ ঘটনার পরপরেই শ্বশুড় বাড়ির লোকজন গা-ঢাকা দেয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম সিসি নিউজকে বলেন, এ ঘটনায় আজ বৃহস্পতিবার নিহতের মামা সম্রাট হোসেন নিজে বাদী হয়ে তার স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় মৃতার স্বামী বিজয়কে গ্রেফতার করা হয়েছে। এদিকে মরদেহের ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।