সিসি নিউজ।। ধুমপান ও তামাকমুক্ত রেল পরিসেবা গড়ে তুলতে নীলফামারীর সৈয়দপুরে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওই শোভাযাত্রা ও সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় রেলওয়ে স্টশনে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জালাল উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ওই মন্ত্রণালয়ের উপ-সচিব মীর আলমগীর হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান । এতে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী জাহিদা হাসান। এর আগে সকালে সৈয়দপুর রেলওয়ে কারখানা গেট থেকে ওই শোভাযাত্রা বের হয়। এক কিলোমিটার পথ পরিক্রম করে তা সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। জেলা স্কাউটের সহযোগিতায় কর্মসূচিটি পরিচালনা করে ইনসেয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোবাকো ফ্রি (আইএমএমবিআরটিএফ)। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ওই প্রতিষ্ঠানের প্রোগ্রাম অফিসার সাদিয়া বিনতে শাহেদ।
শোভাযাত্রায় রেলের কর্মকর্তা-কর্মচারী, রেলওয়ে জেলা স্কাউটের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, স্কাউট দল অংশ নেয়।