সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তালাবন্ধ বাসার সানসেড ভেঙ্গে মাথায় পড়ে সামির হোসেন (১০) নামে এক শিশু মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা ৩টার দিকে শহরের সাহেবপাড়াস্থ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায়। নিহত শিশু সামির হোসেন শহরের মিস্ত্রিপাড়া এলাকার ভাড়াটিয়া মো. নাদিমের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সামির তার বন্ধুদের সাথে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্কুল মাঠে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে ক্রিকেট বলটি পাশের একটি বাসার ভেতরে ঢুকে যায়। বাসাটি তালাবদ্ধ থাকায় সামির ওই বাসার ভেতরে ঢোকার জন্য প্রধান গেটের ওপরে উঠার চেষ্টা করে। এ সময় গেটের ওপরে পুরাতন সানসেড ধরতে গেলে তা ধসে মাথায় পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, সন্ধ্যার পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।