সিসি ডেস্ক: পীরগঞ্জে ক্ষমতাসীনদের পরাজয়ের পরই খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে। প্রথম দফার ভোটের সঙ্গে মিলবেনা দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন। যেকোন মূল্যে প্রতিহত করা হবে বিএনপি-জামায়াত সমর্থকদের। বৃহস্পতিবার সকালে ১১৫টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পরপরই সে খবরের সত্যতা মিলতে শুরু করে। বিভিন্ন এলাকায় বিরোধী পক্ষের এজেন্টদেরকে বের করে দেয়া, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোটের মহোৎসবের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন।
(১) বরিশাল সদর উপজেলায় ভোটকেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাউনিয়ার নিজ বাসভবনের সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় এর প্রতিবাদে তিনি রোববার সকাল সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
(২) নোয়াখালীর কোম্পানীগঞ্জে এজেন্টদের মারপিট, বের দেওয়া ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী হুমায়ূন কবির পলাশ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
(৩) ভোলার বোরহানুদ্দিনের বিএনপি সমর্থক প্রার্থী আনোয়ার হোসেন ভুইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন এলকায় বিএনপি সমর্থক এজেন্টদেরকে বের করে দেয়ার ঘটনা ঘটে। দুপুরে ৭নম্বর ওয়ার্ড এলাকায় উদয়ন স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির প্রার্থীর উপর হামলা চালায়। তাকে লাঞ্ছিত করেন। এর পরই তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
(৪) চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা। বিএনপি সমর্থিত প্রার্থী শরীফ মো. ইউনুস দুপুর ১২ টার দিকে এই ভোট বর্জনের ঘোষণা দেন।
(৫) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৫টি ভোটকেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক সরকার জানিয়েছেন, তিনি নিজেই ভোট দিতে পারেননি। এক পর্যায়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
(৬) কারচুপির অভিযোগ এনে মাদারীপুরের শিবচর উপজেলার বিএনপি সমর্থিত সব প্রার্থী ভোট বর্জন করেছেন। এ সময় প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিবর্ষণ করে।
(৭) নিজের ওপর হামলা এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে ভোলার চরফ্যাশনে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। চরফ্যাশনে শনিবার বিক্ষোভ এবং রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
(৮) এজেন্টদের মারধর এবং তাদের কেন্দ্র থেকে বের করে কেন্দ্র দখলের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আবু তালেব নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এসময় তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে দুপুর ১২ টা পর্যন্ত সাংবাদিক, আইন শৃঙ্খলা বাইনীর সদস্য সহ অন্তত অর্ধশত আহত হবার খবর পাওয়া গেছে।
উৎসঃ তাজাখবর