
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শমসেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণের দাবি তিন শতাধিক শিক্ষার্থীর। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার।
বিভিন্ন জাতীয় দিবস গুলোতে কাঠের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই বিদ্যালয় এর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস.এ সৌরভ বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যন্ত ভালো,এখন শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি, আশেপাশে কোথাও শহীদ মিনার নেই, জাতীয় দিবস গুলোতে কাঠের তৈরি শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করতে হয়,তাই এই বিদ্যালয়ে একটি শহীদ মিনার খুব প্রয়োজন, আমি জোর দাবি জানাচ্ছি বিদ্যালয়ের একটি শহীদ মিনার নির্মাণ করার জন্য।
এ বিষয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল লতিফ মন্ডল জানান,আমাদের বিদ্যালয়ে কোন ফান্ড না থাকার কারণে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ইতিপূর্বে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দিয়েছিলাম,এর পরেও কোনো কাজ হয়নি।
সরেজমিনে বিদ্যালয় ঘুরে দেখা যায় বিদ্যালয়ের এক পাশে একটি টিন শেট ভবন রয়েছে,এছাড়াও অনেক জায়গা রয়েছে, একটি শহীদ মিনার নির্মাণ হলে বিদ্যালয়ের সৌন্দর্যও আরো বৃদ্ধি পাবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, শহীদ মিনার না থাকায় প্রতিটি জাতীয় দিবসে আমরা শিক্ষকদের সহযোগিতায় সকলে মিলে বাশ,কাঠ,কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে সেখানেই শ্রদ্ধা নিবেদন করি। আমাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার হলে অনেক ভালো হত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম বলেন, শহীদ মিনার নির্মানের জন্য সরকারিভাবে কোনো বরাদ্ধ থাকেনা তাই আমাদের কিছু করার নেই,তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি সমন্বয় করে স্থানীভাবে কাজটি করতে পারে।
বিষয়টি নিয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল এর সঙ্গে কথা বললে তিনি জানান,বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত দরখাস্ত পেলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।