সিসি নিউজ।। ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’ এই প্রতিপাদ্যে সারা দেশের মতো নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহীদ স্মরণী পর্যন্ত মাত্র ২০০ মিটার ঘুরে শেষ হয়।
সূত্র জানায়, শহরের প্রধান সড়কে ওই র্যালীটি করা হয়নি। এছাড়া র্যালীতে অংশগ্রহণকারী লোকজন ছিল অন্য উপজেলার বাসিন্দা। অভিযোগ উঠেছে র্যালীতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের গেঞ্জি। কাগজের ঠোঙ্গায় দেওয়া হয়েছে যৎসামান্য নাস্তা।
পরে র্যালীর ব্যানার টাঙ্গিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো. আলেমুল বাশার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শাহাজাদা সরকার প্রমুখ।
র্যালীর ব্যানারে আলোচনা সভার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও শহীদ পরিবারের সন্তান অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন। তিনি জানান, সরকারি কর্মসূচীগুলো থেকে বারবার আমাদের দল ও শহীদ পরিবারকে উপেক্ষিত করা হচ্ছে। ভোটার দিবসের র্যালী ও আলোচনা সভায় সচেতন ভোটার, সুশীল সমাজ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবি মানুষকে সম্পৃক্ত করা উচিত।
র্যালীর ব্যানার দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একথা স্বীকার করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার। তবে এটি ভূল হয়েছে এবং পরবর্তীতে যেন এমনটি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে সচেতন থাকতে বলবেন- এমনটি জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি থানা-উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।