
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাড়িতে একা পেয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসানুল ইসলাম অনিক (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী আজ শুক্রবার দুপুরে ওই যুবকের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেছে। অভিযুক্ত যুবক হাসানুল ইদলাম অনিক শহরের আতিয়ার কলোনী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, অনিকের সাথে পাশের রসুলপুর এলাকার স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির মা গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে আনসার ভিডিপির সদস্যের মিটিংয়ে যান। এ সময় মেয়েটি একাই বাড়িতে ছিল। এই সুযোগে ওইদিন দুপুরে ওই কলেজছাত্রীকে তার বসতঘরে একা পেয়ে হাসানুল ইসলাম ধর্ষণ করেন। পরে মেয়েটির মা বাড়িতে এসে তার মেয়েকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে ওই হাসানুলকে আটক করে থানায় নিয়ে যান।
ওই কলেজছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে হাসানুল বাড়িতে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করেছেন। আমি এর বিচার চাই।’
সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে হাসানুলকে আসামি করে সৈয়দপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। আটক হাসানুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।