সিসি নিউজ।। প্রাথমিক শিক্ষা পদক – ২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে সৈয়দপুরের মোহাম্মদ আকাশ। সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও ত্রিশ হাজার টাকার চেক গ্রহন করেছে। আকাশ নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক – ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়া মো. আকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও ত্রিশ হাজার টাকা চেক গ্রহন করে।
প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক এর ওই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে মো. আকাশ জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। সে সময় মো. আকাশ চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এর আগে প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারকারী মো. আকাশ উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
মেধাবী ছাত্র ও দৌড়বিদ মো. আকাশ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তালপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন এবং মোর্শেদা বেগম দম্পতির সন্তান। তার বাবা মনোয়ার হোসেন পেশায় একজন কৃষক এবং মা মোর্শেদা বেগম একজন গৃহিণী। ওই দম্পতির চার ছেলে মেয়ের মধ্যে সকলের বড় সে (আকাশ)।
এদিকে, মেধাবী শিক্ষার্থী মো. আকাশ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও ত্রিশ হাজার টাকা চেক গ্রহন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই। এদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুসারাত জাহান, মো. মিজানুর রহমান ও মরিয়ম নেছা, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল বাসার মো. মহিউদ্দিন প্রমুখ।