সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা তৈয়ব উদ্দীন আহমেদ (৮৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার নর্দ্দা হাজরা রোডের নিজ বাসভবনে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (২ জুলাই) তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে সকাল ৯টায় দ্বিতীয় এবং বাদ জোহর সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া ঈদগাহ্ মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে শহরের কয়ানিজপাড়া কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সংসদ সদস্য সিদ্দিকুল আলম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, সাবেক চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,সহকারী প্রধান শিক্ষক আ.ত.ম রেজাউল কবীর, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর শিল্পসাহিত্য সংসদের সভাপতি ম.আ. শামীম,সাধারণ সম্পাদক এ্যাডভেকেট এসএম ওবায়দুর রহমান,আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।