ময়মনসিংহ: জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহের চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল কাদির ও চাচাতো ভাই নূর হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত ভিটে-বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনাটি আপোষ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্যদের নিয়ে কাদিরের বাড়িতে সকালে শালিসী বৈঠক বসে। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে উভয়েই বাক-বিতন্ডায় জমিয়ে পড়ে। এক পর্যায়ে কাদিরের ছেলে আল আমিন চাচা নূর হোসেনকে থাপ্পর মারে। এ ঘটনায় নূর হোসেন উত্তেজিত হয়ে বড় ভাই কাদিরকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে কাদির মারা যায়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।