বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব।
‘বুনোহাঁস’ ছবির শ্যুটিং করতে ঢাকায় আসা দেব টানা পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ওয়াশিংটনে শাকিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পক্ষ থেকে ওপার বাংলার নায়ক দেবকে শুভেচ্ছা জানান শাকিব খান। উত্তরে দেবও বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের প্রশংসা করেন। আধা ঘণ্টার এই সাক্ষাৎ পর্বে দুই বাংলার চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত নিয়ে আলোচনা করেন তারা।
এদিকে শাকিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেব লিখেছেন, ‘গত রাতে বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের সঙ্গে দেখা করেছি, খুবই চমৎকার এবং সজ্জন ব্যক্তি তিনি।’
উল্লেখ্য, ব্যক্তি জীবনে কম্পিউটার প্রকৌশলী দেব। পড়াশোনা শেষ করে ২০০৫ সালে চাকরি জীবন শুরু করেন। কিন্তু কারও অধীনে চাকরি করতে অনিচ্ছুক দেব বাবা মায়ের অমতেই চলচ্চিত্রে কাজ শুরু করেন। শুরুতে আব্বাস মাস্তানের সহযোগী হিসেবে কাজ করেন ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ ছবিতে। এভাবেই এক সময় ওপার বাংলার জনপ্রিয় নায়ক হিসেবে নিজের অবস্থান গড়ে তুলেন দেব।