সিসি নিউজ ডেস্ক।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজিদের বন্ধু মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘সাজিদ আর বেঁচে নেই, কেউ কল দেবেন না প্লিজ। ২টা ১৫ মিনিটে সাজিদ আল্লাহর কাছে চলে গেয়েছে। সবাই দোয়া করেন প্লিজ।’
মো. মাহমুদুল হাসান বলেন, বাদ আসর সিএমএইচে সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
৪ আগস্ট বিকেল ছয়টার দিকে মিরপুর ১০-এ গুলিবিদ্ধ হন সাজিদ। তখনই তাঁকে মিরপুর ১২-এর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।