সিসি নিউজ।। নীলফামারীতে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কমিটি নিয়ে দ্বন্দ বিরাজ করছে দুই পক্ষের মধ্যে। ওই দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। এমন অভিযোগে রবিবার দুপুরে জেলা শহরের মার্কাস মসজিদ এলাকায় মাদ্রাসা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলন করেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সদ্য সাবেক সভাপতি শাহজাহান আলী চৌধুরী। এসময় তিনি জোর করে পদত্যাগ পত্রে তাঁর স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেন অপর পক্ষের বিরুদ্ধে।
ওই সংবাদ সম্মেলনের পর বিকালে শহরের বাসটার্মিনালে অবস্থিত গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বর্তমান সভাপতি আরেফ রব্বানী মানিক সমর্থিত কমিটির সদস্যরা। সদ্য সাবেক সভাপতি শাহজাহান আলী চৌধুরী অভিযোগ করে বলেন,‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হলে ৬ আগস্ট মালিক গ্রুপের কার্যালয়ে অবস্থান করছিলাম। এসময় কয়েকজন সদস্য একদল বহিরাগতসহ কার্যালয়ে প্রবেশ করে চড়াও হয়ে তাদের লিখে আনা পদত্যাগ পত্রে স্বাক্ষরে আমাকে বাধ্য করেন। এবিষয়ে গত ২৬ আগস্ট থানায় অভিযোগ করেছি আমি’।
তিনি বলেন, ‘তিন বছর মেয়াদের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৯ অক্টোবর। এটি একটি অরাজতৈক সংগঠন হলেও রাজনৈতিক উদ্দেশ্যে বৈধ ওই কমিটি থাকার পরও আরেফ রব্বানী মানিককে সভাপতি এবং কাজী তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে অবৈধ একটি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি সদস্যরা জেলা শহরের বাস টার্মিনালে অবস্থিত সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়টির তালা ভেঙে দখল করে নেয়। যা পুরোটাই বেআইনী ও সংগঠনের গঠনতন্ত্রী পরিপন্থী’। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহজাহান আলী চৌধুরীর সমর্থিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ব্যাপারী, সদস্য এম আর শফিক সাদেক প্রমুখ।
এদিকে বিকালে শহরের বাস টার্মিনালে অবস্থিত সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আরেফ রব্বানী মানিক সমর্থিত নতুন কমিটি। সভায় কমিটির সাধারণ সম্পাদক বলেন,‘গঠনতন্ত্র মোতাবেক এক ব্যক্তির দুই মেয়াদে একই পদে দায়িত্ব পালন করতে পারবেন। সেখানে শাজাহান আলী চৌধুরী ২০১৩ সাল থেকে টানা সভাপতির দায়িত্ব পালন করছেন। এসময়ে তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রযেছে।
এছাড়া কমিটির সহসভাপতি দেওয়ান সেলিম আহমেদ এবং সাধারণ সম্পাদক আবুসাঈদ শামীম আওয়ামী লীগের দলীয় পদে থাকায় সরকার পতনের পর থেকে পলাতক থাকলে অচলাবস্তার সৃষ্টি হয়। সেটি নিরসনে সাধারণ সভা করে আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন করে গত ২৬ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে ১৩ সদস্যের নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করছে’। এতে গঠনতন্ত্রের কোন ব্যয় ঘটেনি এবং ৬ আগস্ট নয়, গত ৬ জুলাই স্বেচ্ছায় শাহজাহান আলী চৌধুরী পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়।
ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নতুন কমিটির সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত রাসেল, সহসভাপতি মোফাক্ষারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু, সড়ক পরিহন সম্পাদক (২) হাসিবুল হাসান, অর্থ সম্পাদক আবু তাহের প্রমুখ।