চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৭০ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দুপুর দেড়টার দিকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কর্মান্ডার লে. কাজী হারুন-অর-রশিদ জানান, সাগর পথে অবৈধভাবে ট্রলারে করে ওই ৭০ জন যাত্রী মালয়েশিয়া যাচ্ছিল। টেকনাফের সাবরাং থেকে কিছু দূরে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি স্থানে কোস্টগার্ডের টহল দল ট্রলারটিতে অভিযান চালালে যাত্রীরা প্রথমে মালয়েশিয়া যাওয়ার কথা অস্বীকার করে। পরিবর্তিতে তারা দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার কথা স্বীকার করে। আটককৃতদের সেন্টমার্টিন থেকে ট্রলারে করে টেকনাফে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।