
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আবুল কালাম (৩৫) নামের এক জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ারিদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জুয়া আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল কালাম একই এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর নয়াপাড়া এলাকায় বেশ কিছুদিন যাবৎ জমজমাট জুয়ার আসর চলে আসছিল। আর এ সব জুয়ার আসরে নিয়মিত অংশ নেয় এলাকার কিশোর ও যুবকরা। এতে করে তারা সর্বশান্ত হয়ে পড়ছিল। এ অবস্থায় এলাকাবাসীদের মাধ্যমে খবর পেয়ে গত বুধবার রাতে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার উল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই জুয়ার আসরে হানা দেয়। এ সময় সেখান থেকে আবুল কালাম নামের এক জুয়ারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়ারিরা পালিয়ে যায়। তবে এ সময় জুয়ার আসরে অংশ নেয়া জুয়ারিদের ফেলে রাখা তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সৈয়দপুর থানার ওসি ফইম বলেন, গ্রেপ্তারৃকত জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনের মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।