সিসি নিউজ।। বিদেশে চাকুরী দেওয়ার নামে নিরীহ লোকজনদের কাছে টাকা হাতিয়ে নিয়ে অনলাইনে প্রতারণা করার অভিযোগে সৈয়দপুর থানা পুলিশ ৬ প্রতারককে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের কেবিনের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।
আজ শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজত পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আটককৃত হলেন, সৈয়দপুর শহরের কাজীপাড়ার ফিরোজুল ইসলামের ছেলে মশিউর রহমান (২২), ওবায়দুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫), জাভেদ আলমের ছেলে রেজোয়ান হোসেন (২৫), বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল মাঝাপাড়ার অবিনাশ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় চন্দ্র রায় (২৪), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়ার কাছিম উদ্দিন প্রামানিকে ছেলে মঞ্জুরুল ইসলাম (২৮) এবং দিনাজপুর জেলার পার্বতীপুরের বেলাইচন্ডী বানিয়া পাড়ার হাচান আলীর ছেলে বায়েজিদ বোস্তামী (২৫)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান, আটককৃতরা শহরের চৌমুহনী বাজারের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের কেবিনের ভেতরে বসে ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে প্রতারণা কাজ করছিল। তারা থাই গেমস দেওয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতো এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।