সিসি নিউজ।। সৈয়দপুর শহর জামায়াতের ৪নং ওয়ার্ডের উদ্যােগে দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সৈয়দপুর মুসলিম স্কুল প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শহর জামায়াতের আমীর মো. শরফুদ্দিন খান। এসময় ওই ওয়ার্ডের দুইশত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি।
এসময় তিনি বলেন, গণমানুষের কল্যাণ, ন্যায় ও ইনসাফপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল্য লক্ষ্য। সে ধারাবাহিকতায় আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি দুর্গত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
ওয়ার্ড সভাপতি মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সেক্রেটারি খায়রুল বাশার, প্রচার সম্পাদক আব্দুস সালাম, ডক্টরস ফোরামের সেক্রেটারি ডা. মতিয়ার রহমান প্রমুখ। উল্লেখ সৈয়দপুর শহরের ১৫টি ওয়ার্ডে জামায়াতের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী চলমান রয়েছে।
জামায়াত আমীর আরো বলেন, জামায়াতে ইসলামী এমন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে, যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে রাষ্ট্রই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ সব মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।