সিসি ডেস্ক: রিক্সাচালকদের সমস্যা বুঝতে একদিনের জন্য হলেও রিক্সা চালাতে চান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। শনিবার বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে রিক্সাচালকদের সমস্যার কথা শুনতে গিয়ে এমন কথাই বললেন এ তরুণ নেতা। জি নিউজ এ কথা জানিয়েছে।
দেড় ঘণ্টা ধরে তাদের কথা শোনেন তিনি। তারপর উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেন তিনি। কেন্দ্রের একাধিক প্রকল্প থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের গরিব মানুষ সেই সব সুবিধা পান না বলে মন্তব্য করেন রাহুল।
খবরে বলা হয়, ভোট আসে ভোট যায়। কিন্তু কে শুনবে তাদের কথা? হাড়ভাঙা খাটুনির পর দুটি খেয়েদেয়ে শুয়ে পড়া। ফের সকাল হলেই রুটি রুজির টানে রিক্সা নিয়ে বেরিয়ে পড়া। এভাবেই চলে দিন। তাদের কথা ভেবেই গতকাল বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে সামনে পেয়ে মন খুলে বললেন তাদের অভাব অভিযোগের কথা।
একদিনের রোজগার লোকসান করে রাহুল গান্ধীর ডাকে সাড়া দেয়ায় রিক্সাচালকদের ধন্যবাদ জানান তিনি। তাদের জীবনযাত্রার মান উন্নয়নের যথাসাধ্য করার আশ্বাস দেন রাহুল।
অখিলেশ যাদব সরকারের সমালোচনা করে রাহুল বলেন, সমাজের প্রান্তিক মানুষের জন্য কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের দরিদ্র মানুষ তার সুফল পেলেও উত্তরপ্রদেশ তা পায় না।