সিসি নিউজ।। নীলফামারীতে দেড় যুগ স্ত্রী হত্যাকারী পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আবুল কাশেমকে (৬৮) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। র্যাবের সহযোগিতায় গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে কারাগারে পাঠানো হয়। আবুল কাশেম জেলা শহরের বাড়াইপাড়া মহল্লার মৃত. আলী জানের ছেলে। দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে তিনি আত্মগোপন করেন।
পুলিশ জানায়, পলাতক থাকা অবস্থায় তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে রায় দেন নীলফামারীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। গোপন সংবাদে র্যাবের সহযোগিতায় গতকাল শনিবার তাকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করে রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান, ২০০৭ সালের ১৮ আগস্ট জেলা শহরের বাড়াইপাড়াস্থ নিজ বাড়ীতে তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে গোপনে মরদেহ দাফন করে পালিয়ে যান আবুল কাশেম। পরে নিহতের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ৩ জানুয়ারী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেমকে মৃত্যুদন্ডে দ-িত করেন।