সিসি নিউজ।। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘আমরা আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না। এক ফ্যাসিস্টকে ঐক্যবদ্ধভাবে আমরা যেমন তাড়িয়ে দিতে পেরেছি, তেমনি নতুন কোন ফ্যাসিস্ট জন্ম দিলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না’।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আবারো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে। আমরা ফ্যাসিস্ট চাই না, ইসলামী শাসন ব্যবস্থা চাই’।
ভারতের উদ্দেশ্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আপনারা যদি ভাবেন ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে না, তাহলে আপনারা ভ্রান্ত ধারণা নিয়ে আছেন। আমরা বলি বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারে না। যা প্রমাণ হয়েছে ৫ আগস্টের পরে’।
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় উল্লেখ করে বলেন, ‘ইসলামী দলগুলোর ব্যালট বাক্স একটা দিতে চাই আমরা এবং সে নির্বাচনে ঐতিহাসিক বিজয় হবে বাংলাদেশের মুসলমানদের’।
সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মো. ইয়াসিন আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হাছিবুল ইসলাম, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
জনসভায় তিনটি আসনের প্রার্থী ঘোষণা……
আগামী নির্বাচনে নীলফামারী জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষিত প্রার্থীরা হলেন নীলফামারী-২ (জেলা সদর) আসনে অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মো. আমজাদ হোসেন ও নীলফামারী ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনে মো. সহিদুল ইসলাম।