সিসি নিউজ।। জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। মবসৃষ্টি ও প্রকাশ্যে যেভাবে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছেনা সরকার নির্বাচনের ব্যাপারে অনুকুল পরিবেশ সৃষ্টি করছে।
আজ রোববার বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তিনি সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে সৈয়দপুর হয়ে রংপুর যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
সৈয়দপুর বিমানবন্দরে জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীকে ফুলেল সংবর্ধনা দেয় জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা। এসময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি আরও বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। যেহেতু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, তাই এই প্রক্রিয়াটি পূর্ণাঙ্গ বলা যায় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্নভাবে সংস্কার বিষয়ে প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কিছু কিছু গ্রহণ করা হচ্ছে।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু নির্বাচনের অনুকুল পরিবেশ তৈরি করতে পারেনি। এ জন্য সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অন্তর্ভূক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে হবে।’
জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না এ প্রশ্নের জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এখনও সময় হয়নি সে কথা বলার। আমরা পার্টির প্রেসিডিয়াম সভায় আলোচনা করেই নির্বাচনের যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা না থাকার ওপরে নির্ভর করবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত।’
পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় জাপা মহাসচিব বলেন, ‘এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। দলের কেউ করলে, দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা থাকতে হবে। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।’