সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন । রবিবার সকালে উপজেলার সটিবাড়ি বাজারের অদুরে ঘটনাটি ঘটে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া মাদ্রাসার সহ সুপার এবং উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায় রফিকুল ইসলাম সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে সঠিবাড়ি বাজারের অদুরে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের সামনের সড়কে পৌছলে পেছন থেকে তাকে একটি দ্রুত গতির ট্রলি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বজনরা জানান, নিহত রফিকুল ইসলাম খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতে ইসলামের সাবেক আমীর ও শ্রমিক কল্যাণ পরিষদের বর্তমান উপজেলা সেক্রেটারী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা দাফনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ নিয়ে গেছেন।