সিসি নিউজ, রংপুর: মহানগরীর হাজিরহাট এলাকায় চালককে হত্যা করে অট্রোরিক্সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। খুন হওয়া চালকের নাম মিলন(৩০)। সোমবার তার লাশ উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, রোববার রাতে দুর্বৃত্তরা হাজিরহাটের বছির কোল্ডস্টোরেজের পিছনে মিলনকে হত্যা করে লাশ রেখে যায়। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়। তার বাড়ি নগরীর নহরীর বাবুপাড়ায়। তার পিতার নাম দুলাল মিয়া। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারী চক্র এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি জানান প্রাথমিক তদন্তে মিলন রোববার রাত ১১টার দিকে ৮জন যাত্রী নিয়ে ওই অটোচালক পাগলাপীরের উদ্দেশ্যে মেডিকেল মোড় ত্যাগ করে। পথিমধ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোটি নিয়ে যায়। অটোর খোজ এখনও পাওয়া যায় নি।
ওই হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী নুর-নাহার বেগম বাদী হয়ে একটি এজাহার দাখিল করেছেন।
নিহতের স্ত্রী নুরনাহার বেগম জানান, মিলন রোববার সকালে তার মহাজন আনোয়ার হোসেনের গ্যারেজ থেকে অটোরিক্সাটি নিয়ে বের হলেও রাতে বাড়ী ফিরেনি। সোমবার এলাকাবাসীর কাছে খবর পেয়ে হাজিরহাটে গিয়ে দেখি আমার স্বামীর লাশ। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবী করেন।