সিসি নিউজ ডেস্ক।। বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
বিবৃতিতে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ভোলা-৪ (মনপুরা ও চরফ্যাশন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী একেএম কামাল হোসেনের মেয়ে মারিয়া কামালের ওপরে দাড়িপাল্লার কর্মীরা যে বর্বরোচিত হামলা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও উৎসবমূখর রাখতে এই হামলার সাথে জড়িত অবিলম্বে গ্রেফতার করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের এ ধরণের আচরণ কোনভাবেই প্রত্যাশিত নয় জানিয়ে তিনি আরও বলেন, ইসলাম নামধারী একটি সংগঠনের পক্ষ থেকে এই ধরণের আচরণ আমাদেরকে বিস্মিত ও ক্ষুদ্ধ করেছে।’
এ ঘটনায় জামায়াত নেতৃত্বকে তাদের ‘উচ্ছৃঙ্খল কর্মীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আজ বুধবার সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় হামলা চালায় জামায়াতের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতা পাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল ও তার দুই ভাইসহ কয়েকজন নারী কর্মীদের নিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সকাল ৯টার দিকে তার বাবার পক্ষে নির্বাচনি প্রচারণা চালান। এ সময় জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের নির্বাচনি প্রচারণায় বাঁধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সোহেল ও আলাউদ্দিন দলবদ্ধ হয়ে হাত পাখার কর্মীদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাবর একটি অভিযোগ করা হয়েছে। উৎস: বার্তা ২৪