সিসি নিউজ।। নীলফামারীতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে প্রদর্শিত ধর্মীয় ও সামাজিক বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সংস্থার প্রতিনিধিরা।
র্যালিতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য, আত্মসংযম ও নৈতিক চর্চা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন।
আয়োজকরা জানান, রমজান মাস কেবল ইবাদত-বন্দেগির মাস নয়, এটি আত্মসংযম, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ চর্চার সময়। সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও সহমর্মিতা বৃদ্ধির পাশাপাশি পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষার উদ্দেশ্যেই এ র্যালি আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন, “পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সকলকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যা মাহে রমজানের ভাবগাম্ভীর্যের সঙ্গে সাংঘর্ষিক।” র্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।