সিসি নিউজ।। পিকেএসএফ-এর অর্থায়নে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন “টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং স্থিতিস্থাপক রূপান্তর” প্রকল্পের আওতায় উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে বিশ্ব নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। অনুষ্ঠানটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উচাই বাজারস্থ পরিবেশ ক্লাবের কার্যালয়ে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মোট ২৮ জন নারী অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে নারী অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ক সচেতনতামূলক র্যালি উচাই বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব ও SMART প্রকল্পের পরিবেশ ও RECP অফিসার মাহমুদ জামান।
আলোচনা পর্বে ৫নং আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামসুল আরেফিন চৌধুরী (আবু) বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
ইউনিয়ন পরিষদ সদস্য ললিতা রানী বলেন, “SMART প্রকল্পের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”
SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। SMART প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি চর্চা এবং সম্পদের দক্ষ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এতে নারীরা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তেমনি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।