আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নিষিদ্ধ করেছে মিশরের একটি আদালত এবং সেইসাথে হামাসের সব সম্পত্তি জব্দেরও নির্দেশ দেয়া হয়েছে।
এই রায়ের ফলে সংগঠনটি মিশরে কোন ধরনের কার্যক্রম চালাতে পারবে না।
অন্যদিকে, হামাসের সিনিয়র এক নেতা বাসাম নাঈম বলেছেন, এ ধরনের যে কোন পদক্ষেপ প্রতিরোধ আন্দোলনের ক্ষতি করবে এবং দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।
মিশরের ইসলামপন্থী সরকারকে উৎখাত করে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। এ কারণে হামাসের বিরুদ্ধে আদালতের রায়কে ব্রাদারহুডের বিপক্ষের একটি এজেন্ডা হিসেবেই দেখা হচ্ছে।
আবার, মিশরের সেনা সমর্থিত সরকার দাবি করেছে, মিশরে সহিংসতা চালানোর জন্য হামাস দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।