সিসি নিউজ।। নীলফামারীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে মাবিয়া আক্তার (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার বিকেলে সদর উপজেলার নীলফামারী-দেবীগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাবিয়া সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙা বাগানবাড়ি এলাকার আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, নীলফামারী থেকে পঞ্চগড়গামী ‘আশিকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। এসময় যাত্রী মাবিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনিয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।