• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন |

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পেল সেই ৪৮ শিক্ষার্থী

সিসি নিউজ।। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়া সেই সেই ৪৮ জন শিক্ষার্থী অবশেষে নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
জানা গেছে, চলতি বছর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ১০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। এবার ওই কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আসন নির্ধারণ করা হয়েছে ৩৫০টি। গত ২৭ আগস্ট প্রতিষ্ঠানটির ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির সর্বনিম্ন যোগ্যতা হলো জিপিএ-৫। এর ফলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও জিপিএ–৫ এর কঠিন শর্তে ওই ৪৮ শিক্ষার্থী ভর্তি হতে পারছিল না। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অভিভাবকেরা তা সংশোধন করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তির এমন সংকট নিয়ে গত ৩ সেপ্টেম্বর সিসি নিউজ সহ জাতীয় দৈনিক ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সর্বশেষ গতকাল রোববার নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানটির সামনে সৈয়দপুর বিমানবন্দর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে সেখানে উপস্থিত হন জাতীয় সংসদের নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পেশাজীবী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন। বিষয়টি নিয়ে তারা দুজনেই অধ্যক্ষকে বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
ওই সময় শাহরিন ইসলাম চৌধুরী তুহিন শিক্ষার্থী ও অভিভাবকদের জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার আহ্বান জানান। পরে তাঁরা সেখানে গেলে নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের কথা শোনেন এবং তাঁদের ভর্তির সমস্যার বিষয়ে অবগত হন। পরে মন্ত্রী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বললে নিজ প্রতিষ্ঠানের জিপিএ-৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার ওই শিক্ষার্থীদের ভর্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে কথা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদের সাথে। তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন যোগ্যতা হলো জিপিএ-৫। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র এ প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করা সর্বনিম্ন জিপিএ-৪ শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ