সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসার নিচতলার সিঁড়িতে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে তাদের কাছে ঘটনার কথা খুলে বলে।
এরপর গত ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় ওই শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।