কুষ্টিয়া: কুষ্টিয়ায় ২ মহিলা পকেটমারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, ফরিদপুরের লাউডুবি এলাকার মিল্টনের স্ত্রী পারভীন (২৫) ও কুষ্টিয়ার ভাদালিয়া ক্যানালপাড়া এলাকার ইউনুস আলীর স্ত্রী নাছিমা (৩৫)।
আদালত সুত্রে জানা যায়, বুধবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালের সেবা নিতে আসা আইলচারার শাহীনের স্ত্রীর টিকিটের লাইনে দাঁড়ানো অবস্থায় টাকা বের করে নেওয়ার সময় হাতেনাতে তাদের দু’জনকে আটক করা হয়। এ সময় কুষ্টিয়া মডেল থানার এসআই তোফাজ্জেল সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সরকারী এলাকায় গণউপদ্রব বন্ধের নির্দেশদানের পরও উহা অব্যাহত রাখার দায়ে পারভীন ও নাছিমাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।